বিনোদন
প্রধান খবর

এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি ও ছড়ানো নিয়ে যা বললেন মেহজাবীন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ ধরনের কনটেন্ট তৈরি, প্রচার এবং এর সামাজিক প্রভাব নিয়ে কথা বলেন তিনি।

মেহজাবীন বলেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশে তা ছড়িয়ে দেওয়া কোনও বিনোদন নয়। এটি একটি অপরাধ। কিন্তু যখন একই কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকে, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি আরও বড় একটি সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে। তখন প্রশ্ন জাগে, সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?’

ছবি: ফেসবুক থেকে

তিনি আরও বলেন, ‘এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাও আর বলতে ইচ্ছে করে না যে, একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটতো! কারণ কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?’

অভিনেত্রীর মতে, কিছু ভিউ, লাইক, শেয়ার ও ট্রেন্ডিংয়ে থাকার পাশাপাশি সেখান থেকে কয়েক ডলার আয়ের আশায় অনেকে এমন কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু ভিউ, কিছু লাইক, কিছু শেয়ার, ট্রেন্ডিংয়ে থাকা, হয়তো সেখান থেকে কয়েকটা ডলার আয়। আমি বুঝি, মানুষের জীবনে সংগ্রাম আছে। অনেকের জন্য কনটেন্ট তৈরি করাই এখন জীবিকা নির্বাহের একটি উপায়। সেই বাস্তবতাকে আমি অস্বীকার করতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, কবে থেকে অন্য একজন মানুষের অপমান আর অসম্মান আমাদের উপার্জনের মাধ্যম হয়ে উঠলো?’

মেহজাবীন বলেন, বিষয়টি এখন আর শুধু নারী কিংবা পুরুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ভিউ, এনগেজমেন্ট ও ট্রেন্ডিংয়ের প্রতিযোগিতা লিঙ্গের সীমারেখাও ছাড়িয়ে গেছে। ক্ষতিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার সঙ্গে যে কেউ যুক্ত হতে পারেন, আবার যে কেউ এর শিকারও হতে পারেন।

তিনি আরও বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি ভাবায় শুধু সেই মানুষটি নয়, যে এমন কিছু তৈরি করছে। বরং সেই অসংখ্য মানুষ, যারা স্বেচ্ছায় সেটি শেয়ার করছে, আলোচনা করছে এবং আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। একজন অপরাধীর অপরাধে অংশ নিয়ে নিজের বিবেকহীনতার পরিচয় দেবেন কি না, ভেবে দেখতে পারেন।’

এআই দিয়ে তৈরি মিথ্যা ও অপমানজনক কনটেন্ট ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শুধু নির্মাতাদের নয়, সেগুলো শেয়ার করা ও প্রচারকারীদেরও নিজেদের ভূমিকা নিয়ে ভাবার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button