
দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৪০২ জনের হাম শনাক্ত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন। এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় হাম আক্রান্ত নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩১ জন এবং বরিশাল বিভাগে ১৫৮ জন শনাক্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৭ জন। সব মিলিয়ে নতুন শনাক্তের সংখ্যা ১ হাজার ৪০২।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।
তথ্যসূত্র: যমুনা টিভি



