জাতীয়
প্রধান খবর

ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকরের সিদ্ধান্ত

চলতি বছরের ডিসেম্বর থেকেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। মজুরি বোর্ডের সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা এ সময়সীমার বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন বোর্ডের সদস্যরা।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সভা শেষে বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, ‘ডিসেম্বরে নতুন মজুরি বাস্তবায়ন হবে। জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন মজুরি হাতে পাবেন বলে একমত হয়েছেন মালিকপক্ষের প্রতিনিধি।’

পোশাক কারখানার মালিকদের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও বাবুল আক্তারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘ডিসেম্বরে নতুন মজুরি বাস্তবায়ন হবে। জানুয়ারি থেকে তারা নতুন মজুরি হাতে পাবেন।’

এই সমঝোতার পর আন্দোলনরত শ্রমিকদের রাজপথ ছেড়ে অবিলম্বে কারখানায় কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা।

ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর দাবিতে সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের টানা বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে এ সমঝোতার খবর এলো।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করে শ্রমিকেরা বর্তমান ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন। পাশাপাশি শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা এবং অন্যায়ভাবে ছাঁটাই বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

শ্রমিকদের ব্যাপক বিক্ষোভ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বেতন কাঠামো পর্যালোচনার জন্য গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করে।

চলমান শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। দফায় দফায় সড়ক অবরোধের পাশাপাশি বিক্ষোভের মুখে শত শত কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button