প্রস্তাবনা নিয়ে কাল আলোচনায় বসবে সার্চ কমিটি

বিশিষ্টজনদের কাছ থেকে পাওয়া প্রস্তাবনাসহ নির্বাচন কমিশন গঠনে প্রাপ্ত নাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। রোববার বিকেল ৪টার পর বৈঠকে বসবে সার্চ কমিটি।
শনিবার বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সার্চ কমিটিতে পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ৪০ জন, ৩৪ জন ব্যক্তিগতভাবে এবং ৯৯ জন ই-মেইলে নাম পাঠিয়েছেন। রোববার নামগুলো যাচাই-বাছাই করা হবে। যাচাইয়ের পর নামগুলো প্রকাশ করা হবে কি না সে বিষয়ে পরে জানানো হবে।
এর আগে ৬ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায়ে নাম দেয়ার অনুরোধ জানিয়েছিল সার্চ (অনুসন্ধান) কমিটি।
আজ বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে পৃথক দুটি বৈঠক করে সার্চ কমিটি। প্রথম বৈঠকে ছিলেন ১৪ বিশিষ্ট নাগরিক, পরের বৈঠকে ছিলেন ১১ জন গণমাধ্যম ব্যক্তিত্ব। এছাড়া বিশিষ্টজনদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী দ্বিতীয় বৈঠকে অংশ নেন। তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সবারই মূল বক্তব্য হলো এমন একটি নির্বাচন কমিশন করা যাতে এটি সবার আস্থাভাজন হয় এবং ভালো একটা নির্বাচনের জন্য তারা পদক্ষেপ নিতে পারেন। তাদের প্রস্তাবনা নোট করা হয়েছে। আগামীকাল রোববার বিকেল ৪টার পর বৈঠকে বসে বিশিষ্টজনদের প্রস্তাবনা নিয়ে সার্চ কমিটি বিস্তারিত আলোচনা করবে।


