জাতীয়প্রধান খবর

২১ বছরের কম বয়সীদের জন্যে মদ নিষিদ্ধ


২১ বছরের কম বয়সীদের জন্য মদ নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে অ্যালকোহল সেবন এবং ব্যবহারের জন্য সরকারের অনুমতি নিতে হবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়াও সব ধরনের অ্যালকোহল সম্পর্কিত অনুমতির জন্য লাইসেন্স, অনুমোদন এবং নবায়ন ফি বাড়ানো হয়েছে।

নতুন অ্যালকোহল ক্রয়-বিক্রয় বিধিতে বলা হয়েছে, বিশেষ কোনো কারণ  ছাড়া অনুমোদিত ব্যক্তির কাছে একবারে সর্বোচ্চ তিন বোতল এবং এক মাসে ৭ বোতল অ্যালকোহল বিক্রি করা যেতে পারে।

তবে কোনো এলাকায় কমপক্ষে ১০০ জন স্থানীয় মদের লাইসেন্সধারী বা বিদেশি থাকলে সে এলাকায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অ্যালকোহল বিক্রির লাইসেন্স দিতে পারবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন জারি করা অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এ অ্যালকোহলের বিক্রয়, বিপণন, আমদানি-রপ্তানি, সংরক্ষণ, উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং সেবনে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এই বিধানগুলো যুক্ত করা হয়েছে।

অ্যালকোহল বহন এবং পরিবহনের জন্যও পাসের প্রয়োজন হবে, আমদানি-রপ্তানি, উৎপাদন, প্রক্রিয়াকরণ, সরবরাহ, বিপণন, বিক্রয়, ক্রয়, সংরক্ষণ এবং অ্যালকোহল ধারণকারীর লাইসেন্স থাকতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮  সঠিকভাবে বাস্তবায়নের জন্য এসব বিধি জারি করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button