আন্তর্জাতিক খবর
প্রধান খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। তাঁরা মদিনা থেকে জেদ্দায় ফিরছিলেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বিষয়ে জানতে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

নিহত ব্যক্তিরা আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির কর্মী ও তাঁদের পরিবারের সদস্য বলে জানা গেছে।

নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান ও তাঁর দুই সন্তান। এ ছাড়া ফর্কলিফট চালক ইলিয়াস ও তাঁর স্ত্রী এবং অপর স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী শিশুকন্যা প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় আহত ১৫ বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে বাংলাদেশ কনস্যুলেট।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button