মায়ের মমতায় দেশ চালালে জনগণ পাশে থাকে: শেখ হাসিনা

মায়ের মমতা নিয়ে দেশ পরিচালনা করলে অবশ্যই জনগণের সমর্থন পাওয়া যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার দুবাই এক্সপো-২০২০ এর দুবাই প্রদর্শনী কেন্দ্রের সাউথ হলে নারীদের ভবিষ্যৎ পুর্ননির্ধারণ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি আরো বলেন নারীরা শুধুমাত্র নারীই নন, একইসঙ্গে তারা মা। আপনি যদি মায়ের মমতা নিয়ে দেশ পরিচালনা করেন তাহলে জনগণ অবশ্যই আপনাকে সমর্থন দেবে।
শেখ হাসিনা বলেন, জনগণের সমর্থন ও আস্থা অর্জন করতে পেরেছি, যা আমার মূল শক্তি।
সরকার পরিচালনায় এবং রাজনীতিতে পুরুষ সহকর্মীদের ভূমিকার প্রশংসা করে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, আমি অবশ্যই তাদের প্রশংসা করি।
তারা আমাকে সহযোগিতা করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজের ‘মেন্টর’ হিসেবে উল্লেখ করে বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তা ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন শেখ হাসিনা।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. আনোয়ার বিন মোহাম্মদ গারগাশ, দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি, জাতিসংঘের পপুলেশন ফান্ড নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো- আইওয়েলা, কার্টটিয়ার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাইলি ভিগনেরন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা, অটিজম ও স্নায়ু-বিকাশজনিত সমস্যা বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রমুখ।
সংযুক্ত আরব আমিরাতের উপ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি আসেন প্রধানমন্ত্রী।
এসএ



