লঞ্চ-কার্গো জাহাজ দুটিই চলছিল বেপরোয়া গতিতে: তদন্ত কমিটি

শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজ এবং ডুবে যাওয়া লঞ্চের দুই চালকই বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম বেপারী।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আলআমিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনাস্থল পরিদর্শন শেষে শামীম বেপারী বলেন, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি দুজনই বেপরোয়া গতির চালক ছিলেন। আমরা ঘটনা পর্যবেক্ষণ করে বিস্তারিত জানাতে পারবো।
রোববার দুপুরে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী-৯-এর ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জগামী আশরাফ উদ্দিন নামে লঞ্চ ডুবে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। সেইসঙ্গে নিহত প্রত্যেকের মরদেহ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

