এবার এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত হবে দিনাজপুরে

দুই বছর বন্ধ থাকার পর এবার এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত হতে যাচ্ছে দিনাজপুরে। দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে এবারের আয়োজনে ১০ লাখ মুসল্লির নামাজ আদায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।তবে ৬-৭ লাখ মানুষের সমাগম হবে বলে আশা সংশ্লিষ্টদের।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বৃহত্তম ঈদগাহর উদ্যোক্তা ও পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, দু-একদিনের মধ্যেই আয়োজনের প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হবে। এরই মধ্যে আধুনিক স্থাপত্যশৈলী সমৃদ্ধ ঈদগাহ মিনারকে নবসজ্জায় সাজানো হয়েছে, লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, শোলাকিয়া একটি ঐতিহ্যবাহী মাঠ, তবে আয়তনের দিক দিয়ে দিনাজপুর ঈদগাহ মাঠ চারগুণ বড়। শোলাকিয়ায় ঐতিহ্যবাহী ঈদের জামাতের পাশাপাশি দিনাজপুরের এ ময়দানে প্রতিবারে ৬-৭ লাখ মানুষের সমাগম হয়। এবার ঈদের জামায়াতে ইমামতি করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।
২০১৭ সাল থেকেই প্রতিবারে এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে করোনার প্রকোপের ফলে গত দুই বছরে এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
ঈদগাহ মাঠ জুড়ে নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি রাখারও ব্যবস্থা করা হচ্ছে। মাঠের আশপাশে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসারসহ সব ধরনের আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার প্রস্তুতি রয়েছে।
এসএ

