বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (১০ জুন) দুপুর ২ টার সময় রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নম্বার মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।
নিহত জিন্নাত আলী উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট কলোনির মৃত মহিউদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, জিন্নাত আলীসহ আরও কয়েকজন দুপুরে বাড়ির অদূরে ভারতের সীমান্তে ঢুকেছিলেন ঘাস কাটার জন্য। পরে নাগর নদীতে ঘাস পরিস্কার করতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে বাংলাদেশ সীমান্ত এলাকায় গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার বিএসএফ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এ সময় গুলিবিদ্ধ জিন্নাত আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও নেয়ার পথে তিনি মারা যান।
পুলিশ জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জগদল ক্যাম্পের এক কমান্ডার জানান, গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। সূত্র: বিডি ২৪ লাইভ



