
আজ ১৬ জুলাই, জুলাই শহীদ দিবস। শহীদ আবু সাঈদ স্মরণে এ বছর প্রথমবারের মতো দিনটি পালন করছে জাতি।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এ ছাড়াও কর্মস্থল ও প্রতিষ্ঠানগুলোতে দিনব্যাপী শোকের আবহ বজায় রাখা হচ্ছে।
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আজ দেশের সব মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদ বিভাগ ২০২৫ সালের ২ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করে ১৬ জুলাই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা দেয় এবং দিবসটি ‘খ’ শ্রেণিভুক্ত হিসেবে রাষ্ট্রীয় ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়।
এই দিনটি মূলত গতবছর ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত কোটা আন্দোলনে শহিদ আবু সাঈদ স্মরণে নিবেদিত।
জাতীয় পর্যায়ে এ দিনটি পালনের মাধ্যমে জাতি তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে যাচ্ছে।



