আওয়ামী লীগরাজনীতি

হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা জানাল আওয়ামী লীগ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চানখারপুরে ৬ জনকে হত্যার অভিযোগে এ রায় ঘোষণা করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ২টা ৫০ মিনিটে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালের রায়কে প্রত্যাখ্যান করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এক ভিডিও বার্তায় দাবি করেন, “আজ যে রায় ঘোষণা করেছে, বাংলার জনগণ তা মানে না, মানবে না।” তিনি অভিযোগ করেন, মাত্র ২০ কার্যদিবসে ৫৪ জন সাক্ষী হাজির করে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে, যা স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

নানক আরও বলেন, প্রধান বিচারক এক মাস অনুপস্থিত থাকার পরও প্রতিশোধের উদ্দেশ্যে রায় দেওয়া হয়েছে বলে তাদের বিশ্বাস। তিনি অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করার ঘোষণা দেন। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা শাটডাউন পালনের ডাক দিয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button