রাজনীতি

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল। এখন তার কোর্টে বল গেছে—দেখা যাক, তিনি কেমন খেলেন।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন। ওই দিন শহীদ পরিবার ও আহতদের সঙ্গে রাখুন। আমরা সেদিনই এনসিপির পক্ষ থেকে সনদে সই করব।”

তিনি আরও বলেন, “আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ড. আসিফ নজরুল কোনো টালবাহানা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেন এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসেন।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করায় এটা হারিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। এনসিপি ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে, এর সুফল এখন জনগণ পাচ্ছে।”

তিনি আরও বলেন, “বাহাত্তরের পচা সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।”

রাজনৈতিক ইঙ্গিতে তিনি বলেন, “রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে, বুলেট রেভোলিউশনের পর ব্যালট রেভোলিউশনের মাধ্যমে মানুষ জবাব দেবে। দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে তারা সেফ এক্সিট পাবে না—মানুষ বিচার করবে।”

সরকার গঠনের আশাবাদ জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “আমরা ক্যান্টনমেন্টের পেছনের দরজা দিয়ে বা কোনো অ্যাম্বাসিতে গিয়ে ক্ষমতা নিতে চাই না। মানুষ আমাদের ভোট দেবে, কারণ আমরা জনগণের ম্যান্ডেটেই বিশ্বাস করি।”

তিনি ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ‘অথর্ব’ বলে সমালোচনা করে বলেন, “যে লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি-জামায়াত এখন বিরোধী নাটক করছে—এক দল ভারতে, আরেক দল পাকিস্তানে পা রেখে রাজনীতি করছে।”

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button