বিএনপিরাজনীতি

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তবে ঘোষিত তালিকায় নেই দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিবসহ বেশ কয়েকজন সিনিয়র নেতার নাম।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, এটি দলের প্রাথমিক তালিকা; প্রয়োজনে পরবর্তীতে সংশোধনী আনা হতে পারে।

তালিকায় নেই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানের নাম। ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আসলাম চৌধুরী ও আমিনুর রশীদ ইয়াসিনও বাদ পড়েছেন।

এছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (যিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন না), যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল ও সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীরের নামও নেই।

আলোচনায় থাকা একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানা এবারও মনোনয়ন তালিকায় স্থান পাননি। একইভাবে ঢাকা-১০ আসনে পূর্বে প্রতিদ্বন্দ্বিতা করা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবির নামও বাদ পড়েছে।

মাগুরা থেকে মনোনয়নের চেষ্টা চালালেও বাদ পড়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

এবার দলের সিদ্ধান্ত অনুযায়ী একই পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখায় মনোনয়ন পাননি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক এমপি রুমানা মাহমুদ।

তালিকায় নেই ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম আকবর খোন্দকার, যুগ্ম মহাসচিব আবদুস সালাম, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, এবং কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, নাজিম উদ্দীন আলম, আবদুল কাদির জুয়েল, রফিকুল ইসলাম মজনু, বজলুল করিম আবেদ, হাসান আল মামুন ও সাইফুল ইসলাম ফিরোজ।

তবে যেসব আসনে বিএনপির সিনিয়র নেতারা মৃত্যুর কারণে অনুপস্থিত, সেসব আসনে তাদের পরিবারের সদস্যদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button