
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরাম উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
আবু হানিফ কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেয়েছিলেন। মনোনয়ন পাওয়ার পর তিনি এলাকায় কয়েকদিন ধরে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাও চালান।
ফেসবুক পোস্টে আবু হানিফ লিখেছেন, “গণঅধিকার পরিষদ যেহেতু সমঝোতা করে নির্বাচন করছে, তাই আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।” এ জন্য তিনি কিশোরগঞ্জ-১ আসনের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি আরও লেখেন, এলাকার মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি নিয়ে তিনি গিয়েছিলেন, নির্বাচন না করলেও নিজের অবস্থান থেকে সেগুলো বাস্তবায়নের চেষ্টা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।
নির্বাচনী কর্মকাণ্ডে সহযোগিতা করা সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, ভবিষ্যতেও তাদের পাশে পাওয়ার আশা রাখেন।
পোস্টের শেষ অংশে আবু হানিফ বলেন, সমঝোতার পরও দলের যেসব সহযোদ্ধা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের জন্য শুভকামনা রইল এবং নিজের জায়গা থেকে তাদের পাশে থাকার চেষ্টা থাকবে।
তথ্যসূত্র: যুগান্তর



