
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
সোমবার দুপুরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বগুড়া শহর জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাত তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার সভাপতি আজগর আলী, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেনসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে সারাদেশের মতো বগুড়ার মানুষও দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এখন একটি সুন্দর নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এজন্য দ্রুত সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও রাজনৈতিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে সৌহার্দ্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সাংবাদিকসহ বগুড়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।



