
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে মনোনয়নপত্র কিনলেও নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়ায় আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র জমা নেননি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মনোনয়নপত্র জমা দিতে জেলা প্রশাসক কার্যালয়ে যান। তবে মনোনয়নপত্র জমার নির্ধারিত সময় বিকেল ৫টা পর্যন্ত থাকায় নিয়ম অনুযায়ী তা গ্রহণ করা হয়নি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন,
‘তাকে ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে পারেননি। বিধি অনুযায়ী নির্ধারিত সময় পার হলে মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।’
এর আগে সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে আমজনতা পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন হিরো আলম।
মনোনয়নপত্র জমা না নেওয়ার বিষয়ে হিরো আলম বলেন,
‘মনোনয়নপত্র পূরণ করতে আমার ৩০ মিনিট সময় বেশি লেগেছে। সাড়ে ৫টায় এসে জমা দিতে চাইলে তা গ্রহণ করা হয়নি।’
এ ঘটনায় বগুড়া-৪ আসনে হিরো আলমের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
তথ্যসূত্র: যুগান্তর



