
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর একদিন আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। তিনি যে তিনটি আসনে মনোনয়ন দাখিল করেছিলেন, সেসব আসনে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া–৭, দিনাজপুর–৩ ও ফেনী–১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নির্বাচনী আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এ তিনটি আসনেই বিএনপির পক্ষ থেকে একজন করে বিকল্প প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর সংশ্লিষ্ট তিন আসনে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে কি না—এ নিয়ে আলোচনা শুরু হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনে নতুন করে তফসিল ঘোষণার বিধান রয়েছে। তবে এ ক্ষেত্রে সেই বিধান প্রযোজ্য নয় বলে মনে করছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, শুধু মনোনয়নপত্র জমা দিলেই কেউ আইনিভাবে বৈধ প্রার্থী হয়ে যান না। মনোনয়নপত্র বাছাই শেষে যাঁরা টিকে যান, তাঁরাই চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হিসেবে গণ্য হন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইয়ের আগেই তাঁর মৃত্যু হয়েছে। ফলে আইন অনুযায়ী তিনি এখনো বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত নন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার মৃত্যুর কারণে ওই তিনটি আসনের মনোনয়নপত্র কার্যত স্থগিত থাকবে। তবে যেহেতু প্রতিটি আসনেই বিএনপির বিকল্প প্রার্থী রয়েছে, তাই নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা বা বিলম্ব হবে না।
ইসি সূত্র জানায়, প্রতীক বরাদ্দের আগে বিএনপি যে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে পাঠাবে, তিনিই সংশ্লিষ্ট আসনের দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত হবেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে কোনো পরিবর্তন আনার সুযোগ বা প্রয়োজন নেই। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও ভোটগ্রহণ কার্যক্রম চলবে।
তথ্যসূত্র: আজকের পত্রিকা



