রাজনীতি
প্রধান খবর

আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা বিএনপির জন্য বিপজ্জনক হবে: বগুড়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটে, তাহলে দলটি আবারও বড় ধরনের রাজনৈতিক বিপদের মুখে পড়বে। একই সঙ্গে এটি দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দেওয়া হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন,
“এই ধরনের অবস্থান ভবিষ্যতে বিএনপির জন্য ভয়ংকর পরিণতি বয়ে আনতে পারে।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন,
“আমরা জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে সম্মান করি। তবে তিনি একটি বড় রাজনৈতিক ভুল করেছিলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছিলেন।”

তিনি আরও বলেন, বাকশালের মাধ্যমে যে দল মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল, সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের খেসারত দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে।

বক্তব্যে বিএনপির অতীত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এনসিপির এই মুখপাত্র। তিনি বলেন,
“আমরা দেখেছি বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিনগুলো কীভাবে সীমাহীন কষ্টের মধ্যে কাটিয়েছেন। ১/১১-এর সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ারও চেষ্টা হয়েছিল।”

গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার বিকল্প নেই। তার মতে, গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে।

এ সময় তিনি রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন।

জামায়াতে ইসলামীর ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা আমির আব্দুল হক সরকার, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জকসুর সাবেক জিএস আব্দুল আলিম আরিফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button