
বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের ঘোষণা দিয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবনির্বাচিত সংসদ সদস্যরা সরকারি কোনো প্লট কিংবা শুল্কমুক্ত (ট্যাক্স–ফ্রি) গাড়ি সুবিধা গ্রহণ করবেন না।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি লিখেছেন,
“পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।”

দলীয় সূত্রে জানা গেছে, শীর্ষ নেতৃত্বের আগের সিদ্ধান্তের আলোকেই এ ঘোষণা দেওয়া হয়েছে।
নির্বাচনের আগের অঙ্গীকার
উল্লেখ্য, নির্বাচনের আগে সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে দলের আমির ডা. শফিকুর রহমান এ অঙ্গীকার করেছিলেন। তিনি বলেছিলেন,
“আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।”
সেই সমাবেশে তিনি আরও বলেন, সরকারে বা বিরোধী দলে-যে অবস্থানেই থাকুক না কেন, দল জনগণের কল্যাণে গঠনমূলক ভূমিকা পালন করবে। সরকার জনস্বার্থে ভালো কাজ করলে সহযোগিতা করা হবে; তবে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড হলে নিয়মতান্ত্রিকভাবে রাজপথে প্রতিবাদ জানানো হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা রাজনৈতিক সংস্কৃতিতে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।
তথ্যসূত্র: জনকণ্ঠ



