
বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে বিএনপির বিরুদ্ধে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মডেল থানার সামনে দফায় দফায় এ সংর্ঘষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। তবে আহতদের নাম, পরিচয় এবং তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু জানান, ২৭ মে গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে সংগঠনটির নেত্রী সুরাইয়া জেরিন রনি তার বক্তব্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেন।এর প্রতিবাদে রোববার দুপুরে আমাদের বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের বাড়ি থেকে বিএনপির প্রায় ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে এই হামলা চালায়। হামলায় আমাদের অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে দুইজনের মাথায় গুরুতর আঘাত থাকায় তাদের মেডিকেল এ পাঠানো হয়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন 👇 https://fb.watch/dj6lZeZ_c-/
আওয়ামী লীগের এই নেতা আরো জানান, বর্তমানে আমরা তিনমাথা মোড়ে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ চালাচ্ছি।
এই বিষয়ে জানতে মোর্শেদ মিল্টনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
পুলিশ জানান, ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই আছে।
এসএ