
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, এ দেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি; অথচ দলটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চলছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, “আমরা উড়ে এসে জুড়ে বসিনি, লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছি। একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল কিংবা যাদের কাল জন্ম হয়েছে তারাও বিএনপিকে নিয়ে কথা বলে। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো—ভাঙার ষড়যন্ত্র হয়েছে, সফল হয়নি; বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে।”
তিনি আরও বলেন, “আজকের সম্মেলন কোনো সাধারণ সম্মেলন নয়। ১৫ বছর পর অসংখ্য নেতাকর্মীর ত্যাগের পর যে সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগানোর সম্মেলন এটি। নেতাকর্মীদের বলছি, যে নেতার নামে স্লোগান উঠবে, সেই নেতা মাইনাস হবেন।”
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা উল্লেখ করে ফখরুল বলেন, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ও গণমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছিলেন। অথচ এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব পত্রিকা বন্ধ করে মাত্র চারটি পত্রিকা চালু রাখেন। তরুণ প্রজন্মের জানা দরকার, শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা, আর সেই লক্ষ্যেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে এবং মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। এ ছাড়া বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ, কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত, সহসাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী ও আবু ওয়াহাব আকন্দ।



