রাজনীতি

এনসিপি ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার প্রক্রিয়া চলছে: নাসীরুদ্দীন

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে গুঞ্জন চলছিল।

সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

গণঅধিকার পরিষদ এনসিপির সঙ্গে একীভূত হচ্ছে কিনা জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “হ্যাঁ। কথাবার্তা চলছে, আমরা সম্মত হয়েছি। এটা কোনো আসন ভাগাভাগি বা দেনাপাওনার বিষয় নয়, বরং আদর্শিক লড়াই।”

তিনি আরও জানান, গত ১৫ বছরে আন্দোলনে যুক্ত তরুণদের মধ্যে অনেকেই নতুন দল গঠন করেছিলেন। তাদের অনেকে ইতিমধ্যে এনসিপির ব্যানারে যোগ দিতে সম্মত হয়েছেন। আলোচনাও অব্যাহত রয়েছে। তবে কোন প্রক্রিয়ায় একীভূত হবে, তা শিগগিরই চূড়ান্ত জানানো হবে।

দলীয় প্রতীক প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নামের জায়গায় এনসিপিই থাকবে, প্রতীকও থাকবে এনসিপির। অন্য দলের নাম ও প্রতীক বিলুপ্ত হবে। এনসিপির অধীনে আরও অনেক দল আসবে। আমরা এটিকে বড় আকারের একটি রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে যাচ্ছি।”

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button