শাজাহানপুর উপজেলা
বগুড়া শাজাহানপুরে শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বগুড়ায় শাজাহানপুর উপজেলার জালশুকা বড়চান্দাই গ্রামে রাবেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। রাবেয়া ওই এলাকার কৃষক নবাব আলীর স্ত্রী। পরে দুপুর একটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান জানান, মানসিকভাবে অসুস্থ রাবেয়ার দুই ছেলে। এক ছেলে বিবাহিত এবং অপরজন স্কুল শিক্ষার্থী। বুধবার সকালে তার স্বামী ও বড় ছেলে মাঠে কাজ করতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে কোন এক সময় রাবেয়া বেগম নিজ শয়ন ঘরের তিরের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।



