বগুড়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিদ্যালয়ে হামলা-মারপিট-ভাঙচুর

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে সভাপতিকে মারপিট ও বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় লোকজন।
বুধবার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয়রা। আজ ১১টার দিকে বিদ্যালয়ে অভিযোগ তদন্তে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ।
অভিযোগের বাদি ও বিবাদিসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে তদন্ত কর্মকর্তা তার তদন্ত কার্যক্রম চলাকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। তদন্ত কার্যক্রম শেষ না হতেই দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন উত্তেজিত হন।
ঘটনা বেগতিক দেখে প্রধান শিক্ষক তার অফিস কক্ষে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। স্থানীয়রা সভাপতিকে মারপিট করেন এবং বিদ্যালয়ের চেয়ার ভাঙচুর করেন।
ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন জানান, তাকে অন্যায় ভাবে মারধর করা হয়েছে। তিনি কোন দুর্নীতির সাথে জড়িত নন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশতিয়াক আহমেদ জানান, তদন্ত কার্যক্রম শুরুর পর থেকেই কিছু উশৃঙ্খল ছেলেরা হৈচৈ করছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ জানান, অভিযোগ তদন্তে গিয়ে সত্যতা পাওয়া গেছে। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের কাছ থেকে বিদ্যালয়ের নানা অনিয়মের তথ্য পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসএ



