বগুড়ায় নকল জুস এবং জুস তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১২

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার জোড়া মণ্ডলপাড়া গ্রামের একটি বাড়িতে নকল জুস তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে।
সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস এবং জুস তৈরির সরঞ্জাম জব্দ করেছে। এ সময় কারখানার মালিকসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার মাড়িয়া গ্রামের সেলিম রেজা প্রায় দুই বছর আগে জোড়া মণ্ডলপাড়া গ্রামের সোহেল মাস্টারের বাড়ি ভাড়া নিয়ে নকল জুস তৈরির কারখানা গড়ে তোলেন। কারখানার বৈধ কোনো কাজগপত্র না থাকলেও ওই বাড়িতে ক্ষতিকর কেমিক্যালের সঙ্গে আমের ফ্লেভার যুক্ত করে ম্যাঙ্গো জুস তৈরি করে জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ হাজার ২০০ বোতল নকল জুস, তিনটি বড় আকারের জুস মেকার, কেমিক্যাল পাউডার, দানাদার মেডিসিন, ম্যাঙ্গো ফ্লেভার লিকুইড, হিট মেশিন, কর্ক লাগানোর মেশিন, ওজন মেশিন, একটি মোটরসাইকেল জব্দ করে।
শাজাহানপুর থানা পুলিশ জানান, মামলার পর কারখানার মালিক সেলিম রেজাসহ ১২ জনকে আদালতে পাঠানো হয়েছে।



