শাজাহানপুর উপজেলা

বগুড়ায় ‘সৎ বাবার’ সঙ্গে বের হয়ে নিখোঁজ ছিল সেই শিশু

বগুড়ার শাজাহানপুরে গলায় দড়ি পেঁচানো সেই শিশুর মরদেহের পরিচয় মিলেছে।

আট বছর বয়সী সামিউল শাজাহানপুর উপজেলার মাঝিড়াপাড়া গ্রামের বাসিন্দা। তার মায়ের নাম সালেহা বেগম। মাদ্রাসার নথিতে তার বাবার নাম লেখা আছে জাহাঙ্গীর। সে ওই উপজেলার সাজাপুর পূর্বপাড়া তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

মঙ্গলবার সকালে উপজেলার মানিকদ্বিপা উত্তরপাড়া বটতলা গ্রামের একটি সবজির ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে, সোমবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে সামিউলের সৎ বাবা পরিচয় দিয়ে তাকে ঘুরতে নিয়ে যান ফজলু নামে একজন। এরপর থেকেই নিখোঁজ ছিল সামিউল।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক রুবেল মণ্ডল জানান, মৃত সামিউলের মা সালেহার একাধিক বিয়ে করেন। কতজন স্বামীর সঙ্গে সালেহা যোগাযোগ রাখেন তা জানা নেই।

তিনি আরো জানান, সোমবার সন্ধ্যায় ফজলু নামে সামিউলের এক সৎ বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে যান। ফজলু মাঝে মধ্যেই মাদ্রাসায় এসে সামিউলের খোঁজ খবর নিতেন। সামিউলই জানিয়েছিলেন লোকটি তার সৎ বাবা।

শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হয়নি। খোঁজ খবর নেয়া হচ্ছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button