শিবগঞ্জ আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি মোস্তা, সাধারন সম্পাদক মানিক

দীর্ঘ ১০ বছর পর পালাবদল ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগে নেতৃত্বের ।
মঙ্গলবার শিবগঞ্জ এমএইচ কলেজ মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে মোস্তাফিজার রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পদে পৌর মেয়র তৌহিদুর রহমান মানিককে নির্বাচিত করা হয়েছে।
এবারের সম্মেলনে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি জামান নিকেতা ।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, ও দলটির সদস্য আব্দুল আউয়াল শামীম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে সম্মেলন হওয়ার কথা বলা হলেও সহস্রাধিক নেতা কর্মীর সমাগমে ভরে যায় সম্মেলন স্থল।
ইতোপূর্বে তিন বার সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও নানা কারণে তা স্থগিত করা হয়। সর্বশেষ ২০১২ সালে শিবগঞ্জ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়।



