খেলাধুলা

বাংলাদেশের প্রথম ওয়ানডে পেসার সামিউরের মৃত্যু

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ওয়ানডে পেসার সামিউর রহমান সামি ব্রেন টিউমারে আক্রান্তে হয়ে চিকিৎসায় থাকা অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছেলে রিয়াজুর রহমান রোহান।

সামিউর রহমান খেলোয়াড়ি জীবনে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে বাংলাদেশের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। তবে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি।

১৯৮৬ সালে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। সেখানে দুই ম্যাচেই বাংলাদেশের বোলিংয়ের শুরুটা করেন সামিউর রহমান।

ক্লাব ক্যারিয়ারে মোহামেডান, আবাহনী, আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নেও খেলেছেন দীর্ঘদিন। ক্রিকেট ছাড়ার পরও খেলাটির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। অবসরের পর আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন সামি।

সামিউর রহমানের মৃত্যুতে ক্রিকেটাঙ্গন শোকাহত। মঙ্গলবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার স্মৃতির স্মরণে কক্সবাজারে ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button