
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। ছবি : বাফুফে
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। কলম্বোয় অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে যুবারা।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলে তৃতীয় মিনিটেই লিড নেয় বাংলাদেশ। পাকিস্তানি গোলরক্ষক সামার রাজ্জাকের ভুলে বল কাড়েন অপু রহমান, পরে তার পাস থেকে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।
এর কয়েক মিনিট পরেই ব্যক্তিগত নৈপুণ্যে দ্বিতীয় গোল করেন অপু। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান তিনি। ম্যাচের ১৩ মিনিটে আরও একটি গোল পেলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। একই কারণে গোল পাননি আব্দুল্লাহও।
দুই দলই বেশ কিছু আক্রমণ করলেও আর কোনো গোল হয়নি। ফলে ২-০ ব্যবধানেই ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনালে নেপাল-ভারতের মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে ফুটবলের পাশাপাশি আজ ক্রিকেটেও সেমিফাইনালে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। এশিয়া কাপে দুই দল জয় পেলে ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে বিজয়ী দল।



