
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হারিয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ। সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটের জয়ে সিরিজ ১-১ করেছে টাইগাররা।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ফলে আগের ম্যাচের মতো এবারও ফিল্ডিং দিয়েই শুরু করতে হয় বাংলাদেশকে। আগে ব্যাট করে ৮ বল বাকি থাকতে ১৯৮ রানে অলআউট হয় সফরকারীরা।
জয়ের লক্ষ্য ১৯৯ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৫ ওভার ৩ বলেই জয় তুলে নেয় বাংলাদেশ। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, দুজনেই করেন দুর্দান্ত ফিফটি।
এর আগে বল হাতে বাংলাদেশের নায়ক ছিলেন তরুণ পেসার নাহিদ রানা। প্রথম ওয়ানডেতে নিজের সেরাটা দিতে না পারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি নিউজিল্যান্ড।
ইনিংসের অষ্টম ওভারে প্রথম সাফল্য পান নাহিদ। কিউই ওপেনার হেনরি নিকোলসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান তিনি। নিকোলস ২৬ বলে করেন ১৩ রান।
নিজের পরের ওভারেই দ্বিতীয় উইকেট তুলে নেন এই গতিতারকা। প্রায় ১৪৭ কিলোমিটার গতির বাউন্সারে উইল ইয়ংকে পরাস্ত করে শান্তর হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। ইয়ং ফেরেন ৭ বলে ২ রান করে।
এরপর নিউজিল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয় স্পেলে ফিরে আবার আঘাত হানেন নাহিদ। আব্বাসকে বাউন্সারে পরাস্ত করে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান তিনি। আব্বাস করেন ১৯ রান।
নিজের নবম ওভারে ডিন ফক্সক্রফটকে ফিরিয়ে চতুর্থ উইকেট তুলে নেন নাহিদ। শর্ট ডেলিভারিতে স্কয়ার লেগে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দেন ফক্সক্রফট। তিনি করেন ১৫ রান।
শেষ ওভারে এসে পূরণ করেন ফাইফার। জেডেন লিনক্সকে ১৪১.৬ কিলোমিটার গতির বলেই বোল্ড করে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেন নাহিদ রানা।
বাংলাদেশের এই জয় সিরিজের শেষ ম্যাচকে পরিণত করেছে অঘোষিত ফাইনালে।
তথ্যসূত্র: প্রথম আলো



