ক্রিকেট
প্রধান খবর

বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস লিখলেন তাওহীদ হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে প্রথম শ্রেণির ক্রিকেটে বিদেশের মাটিতে দেশের প্রথম ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার।

গতকালই ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছিলেন হৃদয়। আজ সেই ইনিংসকে আরও বড় করে ছুঁয়েছেন ট্রিপল সেঞ্চুরির জাদুকরী মাইলফলক।

এর মধ্য দিয়ে রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা তৃতীয় বাংলাদেশি হয়েছেন তাওহীদ হৃদয়। তবে বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের এটাই প্রথম ট্রিপল সেঞ্চুরি।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিশাল সংগ্রহ টপকে বাংলাদেশ যখন প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে, তখন পুরো ইনিংসের নেতৃত্ব দেন হৃদয়। দলকে লিড এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি ৪৫১ বল খেলে।

চতুর্থ দিনের সকালে নিচের দিকের ব্যাটারদের নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন হৃদয়। লাঞ্চ বিরতিতে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৫৭৬ রান। তখন হৃদয় অপরাজিত ছিলেন ২৭৪ রানে।

এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে গড়ে ফেলেন নতুন ইতিহাস।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কয়েকটি উইকেট হারালেও বাংলাদেশ ‘এ’ দলকে ঘুরে দাঁড় করানোর মূল কারিগর ছিলেন হৃদয়। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় তার এই ইনিংসের গুরুত্বও ছিল অত্যন্ত বড়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ৮ উইকেটে ৬৫২ রান। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের লিড ১৪০ রান। তাওহীদ হৃদয় অপরাজিত ৩২৮ রানে, অন্য প্রান্তে রাজা ব্যাট করছেন ৩০ রানে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button