ক্রিকেটখেলাধুলা

কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার

আইপিএলে এউইন মর্গ্যানকে ছেড়ে দেওয়ায় অধিনায়ক শূন্য হয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। ১২ কোটি ২৫ লাখ রুপিতে কেনা শ্রেয়াস আইয়ারকে নেতৃত্ব দিলো তারা।

১৫তম আইপিএল সামনে রেখে বুধবার (১৬ ফেব্রুয়ারি) আইয়ারকে অধিনায়ক নিযুক্ত করার ঘোষণা দেয় কলকাতা। এর আগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করেছিলেন তিনি এবং ২০২০ সালে প্রথমবার তাদের ফাইনালে তোলেন।

২০২১ সালের প্রতিযোগিতায় ইনজুরির কারণে শুরুর দিকে ছিলেন আইয়ার, দিল্লির ভারপ্রাপ্ত নেতৃত্ব পান ঋষভ পান্ত। সংযুক্ত আরব আমিরাত পর্বে তিনি ফিরলেও দিল্লির দায়িত্ব পান্তের কাঁধেই রাখা হয়।

এই মৌসুমে আইয়ারকে ছেড়ে দিয়েছে দিল্লি এবং নিলামে তাকে কিনে নেয় কলকাতা। ফ্র্যাঞ্চাইজির সিইও ও এমডি ভেঙ্কি মাইশোরে বলেছেন, ‘প্রথমত আইপিএল নিলামে শ্রেয়াসকে সফলভাবে বিড করায় আমরা আনন্দিত এবং আরো ভালো লাগছে তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে। উঁচু পর্যায়ে একজন গুণগত ব্যাটসম্যান হিসেবে প্রত্যেককে তিনি অভিভূত করেছেন এবং আমরা আত্মবিশ্বাসী যে তিনি একজন নেতা হিসেবেও সেরা হবেন।’

কলকাতার অধিনায়কত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আইয়ার বলেছেন, ‘কলকাতার মতো একটি মর্যাদাপূর্ণ দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত। একটি টুর্নামেন্ট হিসেবে আইপিএল বিভিন্ন দেশ ও সংস্কৃতির সেরা খেলোয়াড়দের একসঙ্গে করে এবং এই প্রতিভাবান ক্রিকেটারে ভরা দারুণ দলকে নেতৃত্ব দিতে মুখিয়ে আমি। আমি মালিকদের, ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফকে ধন্যবাদ জানাই এবং দলের লক্ষ্য অর্জনে আমরা সঠিক ছন্দ খুঁজে পাব বলে আমি আত্মবিশ্বাসী।’

এই বিভাগের অন্য খবর

Back to top button