
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে তৃতীয় দিনে ব্যাটিং করছে বাংলাদেশ। ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। সেঞ্চুরির দিকে আস্তে আস্তে আগাতে থাকা তামিমকে বেশ ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন জয়।
কিন্তু মধ্যাহ্নভোজ বিরতির একটু পর আউটসাইড লেগ দিয়ে আসা আসিথা ফার্নান্দোর একটি লেংথ ডেলিভারি জয়ের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার গ্লাভসে চলে যায়। ফেরার আগে ১৪২ বলে ৫৮ রান করেন জয়। ইনিংসে ছিল নয়টি চারের মার। উদ্বোধনী জুটি টিকেছে ১৬২ রান।
ছিটকে গেলেন বিশ্ব ফার্নান্দো, কনকাশন সাব কাসুন রাজিথা: চলমান টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিন ৩২৮ রানের মধ্যে আট উইকেট ফেলে দিয়ে শ্রীলঙ্কাকে ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশ। এরপর সাকিব, নাঈমদের সামনে ঢাল হয়ে দাঁড়ান বিশ্ব ফার্নান্দো।
ডাবল সেঞ্চুরির দিকে আগাতে থাকা অ্যাঞ্জেলো ম্যাথুসকে ভালোভাবেই সঙ্গ দিচ্ছিলেন তিনি। বিশ্বকে অবশ্য ফেরানোর সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তার সহজ একটি ক্যাচ ছেড়েছেন মুশফিকুর রহিম। সাকিবের বলে মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন বিশ্ব। তা লুফে নিতে ব্যর্থ হন মুশফিক।
দেখতে দেখতে ৭৭ বল খেলে ফেলেন তিনি। তাকে আউট করতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। লঙ্কানদের ইনিংসের শেষভাগে শরিফুলের একটি শর্ট বল মাথায় লাগলে আহত হন বিশ্ব। এরপর চা বিরতি শেষে আর মাঠেই আসেননি তিনি।
রিটায়ার্ড হার্ট হয়েই মাঠ ছাড়েন বাংলাদেশের সামনে দেয়াল হয়ে দাঁড়ানো বাঁহাতি এই পেসার। ম্যাচের তৃতীয় দিন জানা গেলো, এই টেস্ট থেকে ছিটকে গেছেন বিশ্ব। তার জায়গায় কনকাশন সাব হয়ে মাঠে নেমেছেন কাসুন রাজিথা।



