
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস।শুক্রবার রাতে মুম্বাইর ব্র্যাবোর্ন স্টেডিয়ামে চেন্নাই আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে। জবাবে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে জয় তুলে নেয় রাজস্থান। পাশাপাশি নিশ্চিত করে প্লে-অফ।
১৪ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে ও নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে অশ্বিন-চাহালরা। অন্যদিকে ১৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে থেকে লিগ শেষ করেছে মাহেন্দ্র সিং ধোনির দল।
এদিন টস জিতে ব্যাট করতে নেমে ২ রানেই উইকেট হারায় চেন্নাই। ২ রান করে ফিরেন ঋতুরাজ গায়কোয়াড। এরপর ঝড় তোলেন মঈন আলী। তিনি ১৯ বলেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ ওভারে যখন তিনি আউট হন তখন তার নামের পাশে জ্বলজ্বল করছিল ৯৩টি রান। যা তিনি করেছেন ৫৭ বলে ১৩টি চার ও ৩ ছক্কায়। এছাড়া ধোনি ২৬ ও ডেভন কনওয়ে ১৬ রান করেন।
বল হাতে ওবেড ম্যাককয় ২টি ও যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট নেন। এর মধ্য দিয়ে ২৬ উইকেট শিকার করে আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে অবস্থান নেন চাহাল।
১৫০ রান তাড়া করতে নেমে ৫টি উইকেট হারালেও অভিজ্ঞ অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ২৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন। তার আগে ৪৪ বলে ৮টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৫৯ রান করে যান যশস্বী জয়সাল।
বল হাতে ২টি উইকেট নেন চেন্নাইর প্রশান্ত সোলানকি। ম্যাচসেরা হন অশ্বিন।



