
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের আগে আর্জেন্টিনার বিশেষ অনুরোধে সাড়া দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আকাশি-সাদা হোম জার্সির বদলে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরেই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ অন্যতম আলোচিত। ১৯৬৬ সালের বিশ্বকাপে তৎকালীন আর্জেন্টাইন অধিনায়ক আন্তোনিও র্যাটিনকে লাল কার্ড দেখানোর ঘটনার পর থেকেই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পায়।
এ পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ইংল্যান্ড জয় পেয়েছে তিনবার, আর আর্জেন্টিনা জিতেছে দুইবার-১৯৮৬ ও ১৯৯৮ বিশ্বকাপে।
উল্লেখযোগ্য বিষয় হলো, আর্জেন্টিনা তাদের দুটি বিশ্বকাপ জয়ই পেয়েছিল নীল রঙের অ্যাওয়ে জার্সি পরে। অন্যদিকে ১৯৬২, ১৯৬৬ ও ২০০২ বিশ্বকাপে আকাশি-সাদা হোম জার্সি পরে ইংল্যান্ডের বিপক্ষে পরাজিত হয়েছিল আলবিসেলেস্তেরা।
এই পরিসংখ্যানকে শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করে সেমিফাইনালেও নীল অ্যাওয়ে জার্সি পরে খেলতে চেয়ে ফিফার কাছে বিশেষ অনুরোধ জানিয়েছিল আর্জেন্টিনা। ফিফা সেই অনুরোধ অনুমোদন করায় ইংল্যান্ডের বিপক্ষে তারা অ্যাওয়ে জার্সিতেই মাঠে নামবে।
এখন দেখার বিষয়, অতীতের সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠা এই নীল জার্সি আর্জেন্টিনাকে আরেকবার বিশ্বকাপের ফাইনালের টিকিট এনে দিতে পারে কি না।