ফুটবল
প্রধান খবর

বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনায় দুই দর্শকের মৃত্যু

বিশ্বকাপ ফাইনাল চলাকালে আর্জেন্টিনায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির জরুরি চিকিৎসা সহায়তা সংস্থা এসএএমই (Emergency Medical Assistance System) এ তথ্য জানিয়েছে। এ ছাড়া আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

নিউজার্সির স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের পরাজয়ের ম্যাচ চলাকালীন বুয়েনস এইরেসে এসব ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তির বয়স ছিল যথাক্রমে ৬৭ ও ৮৮ বছর।

এসএএমইর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের একটি বাড়ি থেকে ৬৭ বছর বয়সী এক ব্যক্তির জন্য জরুরি সহায়তার আবেদন আসে। চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দিলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক ব্যক্তির শ্বাসকষ্টের খবর পেয়ে জরুরি সেবা ডাকা হয়। তার মেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। সিপিআর দেওয়ার পর তাকে দুরান্দ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

এদিকে বুয়েনস এইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরেক ব্যক্তি বর্তমানে আলভারেস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে শ্বাসকষ্ট ও হঠাৎ বুকের ব্যথা নিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বকাপ ফাইনাল ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় উদযাপনের সময় আরও কয়েকটি দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। ওবেলিস্ক এলাকায় উদযাপনের মধ্যে ল্যাভালে ও ৯ ডি জুলিও অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি প্রায় চার মিটার উচ্চতা থেকে নিচে পড়ে যান। এতে তার বাম পায়ে গুরুতর আঘাত লাগে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া অতিরিক্ত মদ্যপান, পড়ে গিয়ে আহত হওয়া, কাটা-ছেঁড়া এবং সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবায়ে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button