ফুটবল
প্রধান খবর

ইংল্যান্ডকে হারানোর দিনকে ‘জাতীয় ফুটবল দল দিবস’ ঘোষণা করল আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে ১৫ জুলাইকে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এ তথ্য জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের অ্যাটলান্টায় অনুষ্ঠিত সেই রোমাঞ্চকর সেমিফাইনালে এক গোল পিছিয়ে থেকেও ২-১ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় থমাস টুখেলের ইংল্যান্ড। দীর্ঘ সময় ম্যাচের নিয়ন্ত্রণও ছিল ইংলিশদের হাতে।

তবে ম্যাচের শেষ দিকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেস সমতাসূচক গোল করেন। এরপর অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেস জয়সূচক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তারা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত এক অফিসিয়াল বিবৃতিতে এএফএ জানায়, ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের জয়কে চিরস্মরণীয় করে রাখতেই ১৫ জুলাইকে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংস্থাটি বলেছে, এক গোল পিছিয়ে পড়ার পরও দল যেভাবে ঘুরে দাঁড়িয়ে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছিল, সেই স্মরণীয় মুহূর্তকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ফকল্যান্ড ইস্যুতে নতুন বিতর্ক

এদিকে ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় নতুন করে আলোচনায় এসেছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত) ইস্যু।

শেষ বাঁশি বাজার পর মাঠে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে একটি ব্যানার নিয়ে উল্লাস করতে দেখা যায়। ব্যানারে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’, যার অর্থ-‘মালভিনাস (ফকল্যান্ড) আর্জেন্টিনার’।

এই বার্তা প্রকাশ্যে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানায় যুক্তরাজ্য সরকার। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক তদন্তও শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

উল্লেখ্য, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছে। সেই বিতর্ক এবার আবারও ফুটবল মাঠকে কেন্দ্র করে নতুন মাত্রা পেয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button