বিশ্বকাপ ফাইনালে হাতাহাতি: আর্জেন্টিনার কোন খেলোয়াড় কয় ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন?

বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর ঘটনায় আর্জেন্টিনার তিন ফুটবলার ও এক কোচকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই ঘটনায় শাস্তি পেয়েছেন স্পেনের মিডফিল্ডার গাভিও। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) করা হয়েছে বড় অঙ্কের জরিমানা।
সবচেয়ে কঠোর শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিশন। তার সতীর্থ নাহুয়েল মলিনাকে দেওয়া হয়েছে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা।
এ ছাড়া মিডফিল্ডার থিয়াগো আলমাদা ১ ম্যাচ এবং সহকারী কোচ রবার্তো আয়ালা ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। অন্যদিকে স্প্যানিশ শিবির থেকে একমাত্র শাস্তি হিসেবে মিডফিল্ডার গাভিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
শুধু নিষেধাজ্ঞা নয়, অভিযুক্তদের বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে। পারেদেস ও মলিনাকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আলমাদা, আয়ালা ও গাভিকে গুনতে হবে প্রায় ৩৭ লাখ টাকা করে।
খেলোয়াড় ও কোচদের পাশাপাশি শাস্তি পেয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও। ফিফার একাধিক আচরণবিধি ও ধারা ভঙ্গের অভিযোগে এএফএকে প্রায় ৩ কোটি ৯৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে ঘরের মাঠে আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচে স্টেডিয়ামের ৫০ শতাংশ আসন দর্শকশূন্য রাখার নির্দেশ দিয়েছে ফিফা।
মূলত মাঠে ক্রীড়াসুলভ আচরণ লঙ্ঘন, দলের বিশৃঙ্খলা এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও ব্যানার প্রদর্শনের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফকল্যান্ড দ্বীপপুঞ্জকেন্দ্রিক বিতর্কিত ব্যানার প্রদর্শনের ঘটনাও ফিফার সিদ্ধান্তে বিবেচনায় এসেছে।
বিশ্বকাপ ফাইনালের পর নিউ জার্সিতে ঘটনাটির সূত্রপাত হয়। স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর মেজাজ হারান পারেদেস। ম্যাচ শেষ হওয়ার পর স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা ধরে ধাক্কা দেন তিনি।
পারেদেসের এই আচরণের প্রতিবাদ করতে এগিয়ে এলে স্প্যানিশ মিডফিল্ডার গাভিকেও মাটিতে ফেলে দেওয়া হয়। এ সময় পারেদেসের সঙ্গে মলিনা ও আলমাদাও জড়িয়ে পড়েন। পরে দুই দলের কোচ ও অন্য ফুটবলাররা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে ফিফা। শেষ পর্যন্ত ডিসিপ্লিনারি কমিশনের সিদ্ধান্তে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে পড়লেন আর্জেন্টিনার খেলোয়াড়, কোচ ও ফুটবল অ্যাসোসিয়েশন।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



