খেলাধুলাফুটবল

বিশ্বকাপে ১৩ গোল করে রেকর্ড করা সেই ফুটবলার আর নেই

গত ১৯৫৮ বিশ্বকাপের ১৩ গোল করে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন ফরাসি ফুটবলার জুস্ত ফঁতেইন। এই ফুটবলারের কীর্তি অক্ষত অবস্থায় রয়েছে। প্রতি চার বছর অন্তর অন্তর বিশ্বকাপ হলেও ফঁতেইনের ১৩ গোলের রেকর্ড ভাঙতে পারেননি কেউই। সেই ফঁতেইন আজ চলে গেলেন না ফেরার দেশে।

এদিকে পেলের মৃত্যুর পর দুই মাসের ব্যবধানে আরও এক কিংবদন্তিকে হারালো ফুটবল। মৃত্যুকালে ফঁতেইনের বয়স হয়েছিল ৮৯ বছর। তার মৃত্যুতে ফ্রান্সের বিশ্বকাপজয়ী হেড কোচ দিদিয়ের দেশম বলেন, ‘ফঁতেইনের মৃত্যু আমাকে ব্যথিত করেছে। যারা ফুটবল ও আমাদের জাতীয় দলকে ভালোবাসে তাদের সকলকেই ভারাক্রান্ত করবে এই মৃত্যু।‘

গত ১৯৫৩ সাল থেকে ১৯৬০ পর্যন্ত ফ্রান্সের জার্সিতে ২১টি ম্যাচ খেলেছেন ফঁতেইন। গোল করেছেন ৩০ টি। এই সময়ে বিশ্বকাপ কেবল একবারই খেলা হয়েছে তার। সুইডেনে অনুষ্ঠিত ১৯৫৮’র বিশ্বকাপে প্রথম সেমিফাইনাল খেলেছিল ফ্রান্স। যদিও ব্রাজিলের কাছে ৫-২ গোলে হেরে ফাইনালে উঠা হয়নি তাদের। তবে ফঁতেইনের কাছে আসরটি ছিল স্বপ্নের মতো। সেই আসরে নিজেদের প্রথম ম্যাচেই প্যারাগুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। জোড়া গোল করেন যুগোস্লাভিয়া ও উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে।

একটি করে গোল আসে স্কটল্যান্ড ও ব্রাজিল ম্যাচে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পশ্চিম জার্মানির বিপক্ষে একাই করেন চার গোল। সেই সময় শুধু এক আসর নয় বিশ্বকাপের পুরো ইতিহাস মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিক ছিলেন ফঁতেইন। তার সেই রেকর্ড ভেঙেছিলেন দুটি বিশ্বকাপ খেলা জার্মান কিংবদন্তি গার্ড মুলার। এখন অবশ্য রেকর্ডটি আরেক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে। চার বিশ্বকাপ খেলে ১৬ গোল করেছেন তিনি।

এদিকে জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও ফঁতেইনের দাপট ছিল অসামান্য। প্রথম তিন বছর নিসের হয়ে খেলে ৮৪ ম্যাচে করেন ৫১ গোল। এরপর যোগ দেন স্তাদ দ্য রাসে। ক্লাবটিতে ফঁতেইনের পরিসংখ্যান দেখলে এখনো চোখ কপালে উঠে যায় যে কারও। ১৫২ ম্যাচে ১৪৫ গোল করার পাশাপাশি তিনটি লিগ শিরোপা জেতেন এই ফরোয়ার্ড। ১৯৫৮-৫৯ মৌসুমে ইউরোপিয়ান কাপের (চ্যাম্পিয়নস লিগ) ফাইনালে খেললেও হেরে যান রিয়াল মাদ্রিদের কাছে। ইনজুরির কারণে ফঁতেইনকে ক্যারিয়ারের শেষ টানতে হয় মাত্র ২৮ বছর বয়সেই।

এই বিভাগের অন্য খবর

Back to top button