
বয়স মাত্র ১৭। অথচ মাঠের পারফরম্যান্সে বয়সকে যেন হার মানাচ্ছেন কাভান সুলিভান। একের পর এক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের আগমনী বার্তা আগেই দিয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ। এবার সেই দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার।

২০২৬ সালের মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন সুলিভান। লিগে আলো ছড়িয়ে ২৯ ম্যাচে ৯ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি গোল। সব মিলিয়ে গোল ও অ্যাসিস্টে তার অবদান ২৩টি, যা এক মৌসুমে কোনো কিশোর ফুটবলারের সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড। একই সঙ্গে ১৪টি অ্যাসিস্টও কিশোর ফুটবলারদের মধ্যে লিগের এক মৌসুমে সর্বোচ্চ।
টানা ১০ ম্যাচে গোল করেছেন কিংবা গোলে সহায়তা করেছেন সুলিভান। কিশোর ফুটবলারদের মধ্যে এমএলএসের ইতিহাসে এটিও দীর্ঘতম ধারাবাহিকতা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বরে মাসসেরার পুরস্কারও জেতেন তিনি। মাত্র ১৭ বছর ২ দিন বয়সে এই পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েন সুলিভান।
ক্লাবের সাফল্যের পাশাপাশি জাতীয় দলেও ইতিহাস গড়েছেন এই তরুণ। সেপ্টেম্বরে প্রথমবার যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান তিনি। পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা করে নেন। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন চার ম্যাচ। মেক্সিকোর বিপক্ষে গোল করে হয়েছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। সেদিন তার বয়স ছিল ১৭ বছর ৫ দিন।
এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার চালু হয় ২০২০ সালে। এরপর ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম খেলোয়াড় হিসেবে এই সম্মান পেলেন সুলিভান। একই সঙ্গে ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে হয়েছেন ইতিহাসের সর্বকনিষ্ঠ বিজয়ী। এ অর্জনে তিনি পেছনে ফেলেছেন নিউইয়র্ক রেড বুলসের দুই তরুণ ফুটবলার জুলিয়ান হল ও আদি মেহমেতিকে।



