তথ্য ও প্রযুক্তি

যেভাবে স্মার্টফোনে পাবেন ভূমিকম্পের সতর্কবার্তা

আজ শুক্রবার সকালেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭, আর এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী এলাকায়। ভূমিকম্পের আগাম সতর্কবার্তা সাধারণত পাওয়া যায় না। তবে ভূপৃষ্ঠের কম্পন বিশ্লেষণ করে তাৎক্ষণিক সতর্কতা পাঠাতে সক্ষম বেশ কিছু প্রযুক্তি ও অ্যাপ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম
২০২০ সালে চালু হওয়া গুগলের আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করে সতর্কবার্তা পাঠায়। স্মার্টফোনে থাকা ক্ষুদ্র অ্যাক্সিলোমিটার সেন্সর ব্যবহার করে এটি ভূমিকম্পের মাত্রা, উৎস ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেয়। পাশাপাশি নিরাপদ থাকার নির্দেশনাও পাঠানো হয়। ব্যবহারকারীদের ফোনে এই ফিচার সক্রিয় করতে সেটিংসের ‘সেফটি অ্যান্ড ইমার্জেন্সি’ মেনুতে গিয়ে ‘আর্থকোয়েক অ্যালার্টস’ চালু করতে হবে।

মাই আর্থকোয়েক
বিশ্বব্যাপী এক কোটির বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী মাই আর্থকোয়েক অ্যালার্টস ম্যাপ অ্যাপ ব্যবহার করছেন। ভূমিকম্প পর্যবেক্ষণের জন্য তৈরি এই অ্যাপ তাৎক্ষণিক তথ্য, মানচিত্রভিত্তিক ট্র্যাকিংসহ নানা সুবিধা দেয়। অ্যান্ড্রয়েড ও আইওএস—দুটি প্ল্যাটফর্মেই অ্যাপটি বিনা মূল্যে ডাউনলোড করা যায়।

মাইশেক
যুক্তরাষ্ট্রের বার্কলে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের তৈরি মাইশেক অ্যাপ স্মার্টফোন সেন্সরের সাহায্যে ভূমিকম্প শনাক্ত করে রিয়েল-টাইম সতর্কবার্তা পাঠায়। নাগরিকদের অংশগ্রহণে তৈরি সিটিজেন-সায়েন্স প্রকল্প হিসেবে এটি ভূমিকম্প–সতর্কতা ব্যবস্থার উন্নয়নে তথ্য সরবরাহ করে। অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা ১০ লাখের বেশি এবং এটি বিনা মূল্যে ডাউনলোডযোগ্য।

দেশজুড়ে ভূমিকম্পের মতো দুর্যোগে প্রযুক্তিনির্ভর সতর্কতা ব্যবস্থার গুরুত্ব আরও একবার সামনে এসে পড়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button