
ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ করে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিক চালু করতে যাচ্ছে মেটা। আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে এ পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে ফেসবুক।
এত দিন ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে নির্দিষ্ট সময়ে কতটি স্বতন্ত্র অ্যাকাউন্টের কাছে কোনো কনটেন্ট পৌঁছেছে, তার হিসাব পাওয়া যেত। তবে নির্ধারিত তারিখ থেকে এ মেট্রিক আর ব্যবহার করা যাবে না। এর পরিবর্তে কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপের জন্য ব্যবহার করা হবে ‘ভিউয়ারস’ মেট্রিক।
ফেসবুকের এ পরিবর্তনের প্রভাব পড়তে পারে বিভিন্ন ব্যবসায়িক পেজ, বিজ্ঞাপন প্রচারণা এবং প্রচারমূলক কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণে। বিশেষ করে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, স্বাধীন কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের নতুন মেট্রিকের সঙ্গে সামঞ্জস্য রেখে কনটেন্ট বিশ্লেষণের পদ্ধতি হালনাগাদ করতে হবে।
‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাব পদ্ধতিতে পার্থক্য থাকলে আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। ফলে কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়ন এবং প্রচারণার ফলাফল বিশ্লেষণের সময় নতুন মেট্রিকের বৈশিষ্ট্যগুলো বিবেচনায় নিতে হবে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের পুরোনো পারফরম্যান্স প্রতিবেদন সংরক্ষণের পাশাপাশি ‘ভিউয়ারস’ মেট্রিক কীভাবে কাজ করবে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া জরুরি। এতে ভবিষ্যতে কনটেন্টের কার্যকারিতা তুলনা, দর্শক বিশ্লেষণ এবং ডিজিটাল বিপণন কৌশল নির্ধারণ সহজ হবে।



