এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হবে মনিটরিং

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে যন্ত্র কিনতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এজন্য ব্যয় হতে পারে ন্যূনতম ২৮ কোটি টাকা। এছাড়াও সাইবার সিকিউরিটি মনিটরিংয়ের জন্য দক্ষতাসম্পন্ন একটি শক্তিশালি দল গঠনের পরামর্শ বিশ্লেষকদের।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলছেন, প্রয়োজনের তাগিদেই নিজস্ব মনিটরিং সিস্টেম গঠন করতে যাচ্ছে বিটিআরসি।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি, ডিজিএফআই, পুলিশ টেলিকম, সিআইডি ও র্যাবসহ বিভিন্ন আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থায় সাইবার সিকিউরিটি মনিটরিং সিস্টেম রয়েছে।
তারা সফটওয়্যার ভিত্তিক ওপেন সোর্স ইন্টিলজেন্ট ব্যবহার করে রাষ্ট্র বিরোধীসহ বিভিন্ন আপত্তিকর কনটেন্ট চিহিৃত করে বিটিআরসির কাছে পাঠায়। এসব কনটেন্ট বন্ধের জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে আবেদন জানায় বিটিআরসি।
তবে এবার নিজস্ব সাইবার সিকিউরিটি মনিটরিং সিস্টেম গঠন করতে যাচ্ছে বিটিআরসি। এজন্য কিনতে যাচ্ছে একই ধরণের সফটওয়্যার ভিত্তিক ওপেন সোর্স ইনটেলিজেন্ট। এর নূন্যতম মূল্য ২৮ কোটি টাকা। কনটেন্টগুলো পুনরায় বিশ্লেষণ, নিরীক্ষণ ও ট্র্যাক সহজ করার পাশাপাশি সংস্থাগুলোর সমন্বয়ের অভাবেই এমন সিদ্ধান্ত বলে জানায় সংস্থাটি।
প্রযুক্তি কেনার পাশাপাশি এর রক্ষনাবেক্ষন ও লাইসেন্স নবায়নেও প্রতিবছর বড় ধরণের ব্যয় হয়। তাই একটি প্ল্যাটফর্মে নজরদারি হলে কার্যকারিতার পাশাপাশি সরকারের ব্যয়ও কমবে বলে মনে করছেন তারা।
মনিটরিং সিস্টেম চালু হলে বিটিআরসি প্রয়োজনমতো নজরদারি করতে পারবে বলেও মন্তব্য করেন টেলিযোগাযোগমন্ত্রী।
সব কিছু ঠিক থাকলে আগামী বছর সফটওয়্যার ভিত্তিক ওপেন সোর্স ইন্টেলিজেন্ট কেনার প্রস্তুতি নেয়া হবে বলেও জানায় বিটিআরসি।



