ঢাবিতে রোববারের সব ক্লাস–পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবিবার (২৩ নভেম্বর) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক চাপ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২২ নভেম্বর) জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
বার্তায় জানানো হয়, পরিস্থিতি মূল্যায়নের পর পরবর্তী নির্দেশনা দ্রুত জানিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত দুই দিনে দেশে চারবার ভূমিকম্প হয়েছে। সর্বশেষ আজ সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এক সেকেন্ডের ব্যবধানে দুটি কম্পন অনুভূত হয়—প্রথমটি রাজধানীর বাড্ডায়, দ্বিতীয়টি নরসিংদীতে। এর আগে সকালে নরসিংদীর পলাশে আরও একটি কম্পন রেকর্ড হয়েছে। শুক্রবার নরসিংদীর মাধবদীতে ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্পে ১০ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।
ধারাবাহিক কম্পনের সময় নিরাপদ স্থানে ছুটোছুটি করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পুরোনো ভবন ও আবাসিক হলগুলোতে থাকাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এখন তীব্র উদ্বেগ বিরাজ করছে।
তথ্যসূত্র: জাগো নিউজ ২৪

