বিকেল ৫টার মধ্যে ঢাবির হল খালি করার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সকল আবাসিক হল আজ রোববার বিকেল ৫টার মধ্যে খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব সংশ্লিষ্ট হলের প্রভোস্টদের ওপর ন্যস্ত করা হয়েছে।
প্রভোস্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য-সচিব অধ্যাপক সাইফুদ্দীন আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টায় ভার্চুয়াল মাধ্যমে প্রভোস্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন হলের প্রভোস্টরা যুক্ত ছিলেন।
সভায় তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়—
১) গত শনিবারের জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হল খালি করতে প্রভোস্টদের নির্দেশনা দেওয়া হয়।
২) হল ছাড়ার সময় শিক্ষার্থীদের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নেওয়া এবং রুমের চাবি হল প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের ডাইনিং ও ক্যান্টিন বন্ধ থাকবে।
পরিশেষে উপাচার্য সকলকে ধন্যবাদ জানিয়ে ভার্চুয়াল সভা সমাপ্ত করেন।

