আবহাওয়া
প্রধান খবর

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বঙ্গোপসাগরে ‘মন্থা’ নামে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। রোববার (২৬ অক্টোবর) সর্বশেষ আপডেটে সংস্থাটি জানায়, বর্তমানে এটি গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে এবং ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ২৮ অক্টোবর প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

সর্বশেষ অবস্থান অনুযায়ী, গভীর নিম্নচাপটি পোর্ট ব্লেয়ার থেকে ৬১০ কিলোমিটার পশ্চিমে, চেন্নাই থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণপূর্বে, বিশাখাপত্তম থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে।

ভারতীয় আবহাওয়া বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের মাখিলিপাটনাম ও কাকিনাদা অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

রোববার সকালে অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটির প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

অন্যদিকে, আরব সাগরেও আরেকটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা পরবর্তী কয়েক দিনে শক্তি সঞ্চয় করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় ভারতীয় সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

থাইল্যান্ড প্রস্তাবিত ‘মন্থা’ নামের অর্থ হলো “সুন্দর ফুল”।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button