
শ্রাবণ মাসের শেষ দিকে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এরই মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির আপাতত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম। তবে এর প্রভাবে আগস্ট মাসের বাকি সময়জুড়ে দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগস্ট মাসের এ সময়ে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়া স্বাভাবিক। এবারের লঘুচাপটি উপকূলের কাছাকাছি সৃষ্টি হয়েছে। এটি কতটা শক্তি সঞ্চয় করবে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে এটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে।
তিনি জানান, লঘুচাপের প্রভাবে বরিশাল, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম, হাতিয়া ও ভোলাসহ বিভিন্ন এলাকায় বুধবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে। ১৩ আগস্ট থেকে বৃষ্টির মাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। একই সময়ে ঢাকা, কুমিল্লাসহ দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগস্ট মাসের বাকি দিনগুলোতেও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
তবে টানা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এতে গরম খুব একটা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
তথ্যসূত্র: আজকের পত্রিকা

