
দেশের উত্তরাঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১১ জুলাই) রাজধানীর আবহাওয়া অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ।
তিনি জানান, আগামী ২ থেকে ৩ দিন রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েক দিনের তুলনায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমেছে। আবহাওয়ার উন্নতি অব্যাহত থাকলে চট্টগ্রামসহ উপকূলীয় এলাকায় জারি করা সতর্কতা সংকেত শিগগিরই প্রত্যাহার করা হবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে আমবাগানে। এছাড়া যশোরে ৮৯ মিলিমিটার, বান্দরবানে ৮০ মিলিমিটার, রাঙামাটিতে ৭৭ মিলিমিটার, সিলেটে ৬৫ মিলিমিটার, রাজশাহীতে ৬২ মিলিমিটার, সাতক্ষীরায় ৬১ মিলিমিটার, হাতিয়ায় ৫৫ মিলিমিটার, ঢাকায় ৪৬ মিলিমিটার, আরিচায় ৪২ মিলিমিটার, সৈয়দপুরে ৩৭ মিলিমিটার, ভোলায় ৩৪ মিলিমিটার এবং চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এর আগে শুক্রবার (১০ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আরও পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি কমেছে। তবে গোমতী নদীর পানি বেড়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি ধীরগতিতে কমতে পারে। এর ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও ধীরে ধীরে উন্নতি হতে পারে।
তথ্যসূত্র: চ্যানেল ২৪

