
চলতি জুন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এবং দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১ জুন) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
জুনের মাঝামাঝি সময়েই দেশে বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ় শুরু হওয়ার কথা। সাধারণত এ মাসে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে। গড়ে জুনে ৪৫৯ মিলিমিটার এবং জুলাইয়ে সর্বোচ্চ ৫২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তবে এবার জুন মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে, গত এপ্রিল ও মে মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে এপ্রিল মাসে প্রায় ৭৫ শতাংশ বেশি বৃষ্টি হয়, যা দেশের জন্য অস্বাভাবিক। ওই অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।
তাপপ্রবাহে সতর্ক থাকার পরামর্শ
অতিরিক্ত গরমে মানুষের শরীরে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে যারা খোলা জায়গায় বা রোদের মধ্যে কাজ করেন, তাদের জন্য ঝুঁকি আরও বেশি। পরিবেশে আর্দ্রতার মাত্রা বেশি থাকলে অসুস্থতার আশঙ্কাও বাড়ে।
তাপজনিত অসুস্থতার সাধারণ লক্ষণগুলো হলো-
- মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
- বমিভাব বা বমি
- মাথাব্যথা
- অতিরিক্ত তৃষ্ণা ও প্রস্রাব কমে যাওয়া
- গাঢ় হলুদ প্রস্রাব
- দ্রুত শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন
করণীয়
- রোদে বের হলে ছাতা ব্যবহার করুন বা মাথা-কাঁধ ভেজা গামছা/তোয়ালে দিয়ে ঢেকে রাখুন
- বাইরের কাজ সকালে শুরু করে দুপুরের আগেই শেষ করার চেষ্টা করুন
- সঙ্গে পানি রাখুন এবং তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি পান করুন
- প্রয়োজন হলে পানিতে সামান্য লবণ মিশিয়ে পান করতে পারেন
- পাতলা, ঢিলেঢালা ও হালকা রঙের সুতির কাপড় পরুন
- অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করলে দ্রুত ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিন এবং ঠান্ডা পানি পান করুন
যা এড়িয়ে চলবেন
- দীর্ঘ সময় রোদে বা গরমে দাঁড়িয়ে থাকা
- রোদে পার্ক করা গাড়ির মধ্যে শিশুদের রেখে যাওয়া
- অতিরিক্ত চা, কফি, কোমল পানীয় বা মদ্যপান
বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময় লস্যি, কম মিষ্টিযুক্ত শরবত ও মৌসুমি ফল শরীরকে সুস্থ রাখতে সহায়ক হতে পারে।
প্রাথমিক চিকিৎসা
তাপজনিত কারণে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে নিয়ে শুইয়ে দিতে হবে। কাপড় আলগা করে দিতে হবে এবং সম্ভব হলে ওআরএস খাওয়াতে হবে। শরীর ও মাথায় ঠান্ডা পানি ঢেলে ভেজা শরীরে বাতাস করতে হবে।
রোগী অজ্ঞান হয়ে গেলে পাশ ফিরিয়ে শোয়াতে হবে এবং শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে মুখ পরিষ্কার রাখতে হবে। পরে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
তথ্যসূত্র: যমুনা টিভি




